শ্রীমঙ্গলের সময়

হঠাৎ দেশবাসী জন্য সতর্কবার্তা দিল বিমান বাংলাদেশ

জাতীয় · 2026-10-31T12:00:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অননুমোদিত গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি নজরে এসেছে কর্তৃপক্ষের। এ ধরনের ফরমের সঙ্গে সংস্থাটির কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অননুমোদিত গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ ধরনের ফরমের মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি। প্রচারিত ওই ফরম কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিমান কর্তৃপক্ষ জানায়, সংস্থাটির নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। নিয়োগসংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

এ অবস্থায় বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ধরনের লিংকের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন না করতেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনুমোদিত ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত