শ্রীমঙ্গলের সময়

বীরের কণ্ঠে একাত্তরের গল্প

সারাদেশ · 2026-10-31T11:49:34.000000Z · স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘বীরের কণ্ঠে একাত্তরের গল্প’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৩০ অক্টোবর ঈশ্বরগঞ্জের থানাঘাটের মুক্তিযোদ্ধা বধ্যভূমিতে এটি অনুষ্ঠিত হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ। তিনি ১৯ বছর বয়সে তারুণ্য ও একবুক সাহস নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ১১ নম্বর সেক্টরের অধীন যুদ্ধ করেন তিনি।

উপদেষ্টা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ জানান, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের সাত দিন আগেই শত্রুমুক্ত হয়েছিল ঈশ্বরগঞ্জ। ৯ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও স্বাধীনতাবিরোধী রাজাকারদের কবল থেকে ঈশ্বরগঞ্জ মুক্ত হয়েছিল।


সেদিনের স্মৃতিচারণা করে হাবিবুর রহমান হলুদ বলেন, ‘আমরা তিন প্লাটুন মুক্তিযোদ্ধা ঈশ্বরগঞ্জকে শত্রু মুক্ত করার অঙ্গীকার পূরণ করেছিলাম ১৯৭১ সালের ৯ ডিসেম্বর। সেদিন ঈশ্বরগঞ্জ হানাদারমুক্ত হয়। আপামর জনতার মধ্যে দেখা দিয়েছিল আনন্দের বন্যা। সেই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।’

একাত্তরে ঈশ্বরগঞ্জের মুক্তিকামী দামাল ছেলেরা দেশকে শত্রু মুক্ত করার দীপ্ত শপথ নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঈশ্বরগঞ্জকে শত্রু মুক্ত করার উদ্দেশ্যে ১৯৭১ সালের ১৭ অক্টোবর রাতে মুক্তিযোদ্ধারা মাইজহাটি রেলওয়ে ব্রিজ ধ্বংস করার পাশাপাশি টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দেন। সেদিন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর কাটিয়াপুরী ব্রিজ বিধ্বস্ত করেন তাঁরা।

এই কাজ করতে সকাল হয়ে যায়। মুক্তিযোদ্ধারা সড়কপথে অগ্রসর হয়ে দত্তপাড়া শ্মশানঘাটে একত্র হন। এরপর তাঁরা তিন ভাগে বিভক্ত হয়ে আক্রমণের সিদ্ধান্ত নেন। তিন গ্রুপের নেতৃত্বে ছিলেন যথাক্রমে কাজী হাসানুজ্জামান হীরু, মতিউর রহমান ও হাবিবুর রহমান হলুদ।

আলোচনার শেষে তরুণ প্রজন্মের প্রতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ বলেন, ‘একবিংশ শতাব্দীর এই তরুণ প্রজন্মের কাছে চাওয়া, তাঁরা ইতিহাস জানুক, দুর্নীতিমুক্ত বিশুদ্ধ বাংলাদেশ গড়ুক।’

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. বোরহান, সাংগঠনিক সম্পাদক আসিফ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরান, বন্ধু রাহিম, বোরহান উদ্দিন, আরিয়ান ইয়াছিন, ফারহান তানভীর, আহমেদসহ ইশ্বরগঞ্জ বন্ধুসভার একঝাঁক বন্ধুরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত