শ্রীমঙ্গলের সময়

হাওর রক্ষায় নতুন আইন বাস্তবায়নে সুনামগঞ্জে কর্মশালা

সিলেটের খবর · 2026-11-18T02:32:38.000000Z · জেলা প্রতিনিধি

হাওরের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণে নতুন আইন এবং সুরক্ষা আদেশ কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সুনামগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ ও সাংবাদিকেরা অংশ নেন।

হাওরের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ এবং 'টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ' কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সুনামগঞ্জে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সঞ্চালনায় অধিদপ্তরের সুনামগঞ্জ জেলার উপপরিচালক হোসাইন মো. আল জুনায়েদ দিকনির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

কর্মশালায় আইন ও সুরক্ষা আদেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, জলজ সম্পদ রক্ষা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট আইন ও নির্দেশনার কার্যকর প্রয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় হাওর সংরক্ষণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও পরামর্শ নেওয়া হয়। পাশাপাশি হাওর ও জলাভূমির প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও করণীয় নিয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জের হাওরগুলো কীভাবে সুরক্ষিত রাখা যায় এবং এসব এলাকার জীববৈচিত্র্য ও প্রতিবেশ-পরিবেশ কীভাবে সংরক্ষণ করা সম্ভব, সে বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। তিনি জানান, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এসব মতামত লিপিবদ্ধ করেছে এবং পরবর্তী সময়ে বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, হাওর ও জলাভূমির সম্পদ রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। কোথাও জীববৈচিত্র্যবিরোধী কোনো কর্মকাণ্ড নজরে এলে তা প্রশাসনকে জানাতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কর্মশালায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত