শ্রীমঙ্গলের সময়

ঢাবিতে ৯ মাসের বিনা মূল্যের রুশ ভাষা কোর্স চালুর উদ্যোগ

শিক্ষা · 2026-11-04T14:59:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) নয় মাসের বিনা মূল্যের রুশ ভাষা কোর্স চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম বাড়ানো এবং রুশ শিক্ষক নিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটির প্রতিনিধিদল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) নয় মাসের বিনা মূল্যের রুশ ভাষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। প্রস্তাবটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশে রুশ ভাষা শেখার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল এডুকেশন সিস্টেম ইন্টিগ্রেশন বিভাগের উপপরিচালক জার্মান দিমিত্রিয়েভিচ জুবোভিচ এবং মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্রের উপদেষ্টা আলেকজান্ডার ভাসিলিয়েভিচ পারকিন।

সাক্ষাৎকালে রাশিয়ার দূতাবাসের প্রথম সচিব ও ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ খলেভনয়, সাংস্কৃতিক কর্মসূচি বিভাগের প্রধান প্রসান্ত কুমার বর্মণ এবং দূতাবাসের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় নয় মাস মেয়াদি একটি বিনা মূল্যের রুশ ভাষা কোর্স চালুর বিষয়টি আলোচনায় আসে।

এ কোর্সে পাঠদানের জন্য ‘রাশিয়ান টিচার্স অ্যাব্রড’ প্রকল্পের আওতায় রাশিয়া থেকে মাতৃভাষী শিক্ষক পাঠানোর আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের মতে, এ উদ্যোগ বাংলাদেশে রুশ ভাষার প্রসারে ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে রুশ ভাষার নতুন শিক্ষক তৈরিতেও সহায়তা করবে।

প্রতিনিধিদলের সদস্যরা আরও বলেন, রুশ ভাষা জানা থাকলে বাংলাদেশের কর্মীদের রাশিয়ায় তুলনামূলক ভালো বেতনের চাকরির সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি রাশিয়া সরকারের বৃত্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও বাড়তে পারে।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে একমত হন তাঁরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দুই দেশের এ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষা ও গবেষণার মান বাড়াতে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত