জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি
অর্থনীতি · 2026-10-26T14:57:00.000000Z · ডেস্ক রিপোর্ট
রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। তিন ব্যাংকে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব আলম, নূর মোহাম্মদ ও মো. নূরুল হুদা।
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মাহবুব আলমকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অগ্রণী ব্যাংকের নতুন এমডি হয়েছেন নূর মোহাম্মদ এবং বেসিক ব্যাংকের দায়িত্ব পেয়েছেন মো. নূরুল হুদা। তিনজনকেই তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন। এতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের পেশাগত অভিজ্ঞতার বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. মাহবুব আলম এর আগে বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে অতিরিক্ত পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মো. নূরুল হুদা বর্তমানে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। আর অগ্রণী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ এর আগে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের ধারাবাহিকতায় এ নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ এবং চুক্তির শর্ত পুনর্বিবেচনা নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বিভিন্ন কার্যক্রম চলছিল।