শ্রীমঙ্গলে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে জুলাই যোদ্ধার সংবাদ সম্মেলন
সিলেটের খবর · 2026-10-26T16:53:00.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ এলাকার কিছু যুবকের বিরুদ্ধে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগ তুলে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মো. মোজাহিদুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধা। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক ও ওয়ার্ড কমিটির সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।সোমবার (২৬ অক্টোবর) শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন তিনি। মোজাহিদুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাহিদুল ইসলাম দাবি করেন, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯টার দিকে তিনি শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে ফারদিন ইসলাম পিয়ালসহ ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে বাঁশ বাজারের দিকে টেনে নেওয়ার চেষ্টা করা হয়।তিনি জানান, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এবং তাঁর ফুফাতো বোনের স্বামী মো. ইউসুফ এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে নেমে কোনোমতে আত্মরক্ষা করেন।মোজাহিদুল ইসলাম অভিযোগ করে আরও বলেন, ঘটনাস্থলে সরাসরি উপস্থিত থেকে পুরো ঘটনার দিকনির্দেশনা দেন শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাহিদ এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন। এ ছাড়া ঘটনার পর থেকে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে।বর্তমানে পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সুরাহা মেলেনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।(সম্পাদকীয় নোট: প্রকাশিত সংবাদের তথ্যাবলি সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এতে আনীত অভিযোগসমূহ সংবাদমাধ্যমের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে তুলে ধরা হলো। অভিযুক্ত পক্ষ কিংবা পুলিশের তদন্ত সাপেক্ষে এ সংক্রান্ত হালনাগাদ তথ্য পরবর্তী সংবাদে যুক্ত করা হবে।)