শ্রীমঙ্গলের সময়

৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর ভুয়া জানাল পেট্রোবাংলা

জাতীয় · 2026-11-03T10:02:00.000000Z · ডেস্ক রিপোর্ট

আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে দৈনিক গ্যাস সরবরাহ কমতে পারে। তবে সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। এ সময়ে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।

আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি বলেছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো বিষয় নেই। তবে এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে এ সময়ে গ্যাস সরবরাহের পরিমাণ কমতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় দেশবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার অনুরোধ জানায় পেট্রোবাংলা।

সংস্থাটি জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি পেট্রোবাংলার নজরে এসেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজ চলছে। এ কারণে টার্মিনালটির মাধ্যমে এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে।

এর প্রভাব পড়তে পারে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহে। বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও আগামী চার দিন তা কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, এ সময়ে প্রতিদিন গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।

পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ কমলেও সারা দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে গ্যাসের পরিমাণ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে স্বল্প চাপের সমস্যা দেখা দিতে পারে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে প্রচারিত তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত