হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা
আইন-আদালত · 2026-11-03T10:58:00.000000Z · ডেস্ক রিপোর্ট
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন দণ্ডপ্রাপ্ত আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির অর্থের অর্ধেক নিহতদের পরিবারের মধ্যে বিতরণের পরিকল্পনা করা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিদের সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থের অর্ধেক নিহতদের স্বজনদের দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে অর্থ বিতরণের জন্য দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনা রয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন আসামি নির্ধারিত ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। এ কারণে তাঁরা আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
তিনি আরও বলেন, আসামিরা তাঁদের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এ কারণে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।