শ্রীমঙ্গলের সময়

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

বিশ্ব · 2026-11-03T09:45:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ভারত সরকারের অনুরোধ থাকা সত্ত্বেও বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে সরকার কোনো প্রতিশ্রুতি দেয়নি। এ ছাড়া তার প্রত্যর্পণ চেয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো অনুরোধও পায়নি কুয়ালালামপুর।

মঙ্গলবার (৩ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া এক লিখিত জবাবে এ অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস ও দ্য স্টার এ খবর প্রকাশ করেছে।

সাইফুদ্দিন বলেন, ২০১০ সালে ভারত ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। ফলে তাকে হস্তান্তরের বিষয়ে কোনো অঙ্গীকার করা হয়নি।

সংসদ সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে লিখিত বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের পক্ষ থেকে জাকির নায়েককে ফেরত চেয়ে সর্বশেষ আনুষ্ঠানিক অনুরোধ কবে জানানো হয়েছে, তা জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য। পাশাপাশি ভারতের দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন এবং দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও প্রশ্ন করেন তিনি।

জবাবে সাইফুদ্দিন জানান, ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি জাকির নায়েককে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোটের মাধ্যমে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে নয়াদিল্লি। তবে এরপর নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধ পায়নি মালয়েশিয়া সরকার। ভারতের দেওয়া নথি ও প্রমাণ চুক্তি ও আইনের শর্ত পূরণ করে কি না, সে প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা লিখিত জবাবে দেওয়া হয়নি বলে জানিয়েছে মালয় মেইল।

জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল বলে সংবাদ প্রকাশিত হওয়ার পর সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি ওঠে।

মালয়েশিয়ার বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান তখন দুই নেতার আলোচনায় জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে কী কথা হয়েছে, তা প্রকাশ করার আহ্বান জানান। ভারতের দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার আইনি শর্ত পূরণ করে কি না, সেটিও সরকারের ব্যাখ্যা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জাকির নায়েককে ফেরত চেয়েছে দেশটির সরকার। তবে এসব অভিযোগের বিষয়ে জাকির নায়েকের বক্তব্য এবং ভারতের বিচারিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। মালয়েশিয়ার সর্বশেষ বক্তব্যে আপাতত তাকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের কোনো অঙ্গীকার না থাকার বিষয়টি আবারও স্পষ্ট হলো।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস,

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত