জবি দিবসে জেমসের কনসার্ট সহ থাকছে নানা আয়োজন
শিক্ষা · 2026-10-29T03:10:00.000000Z · ডেস্ক রিপোর্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত সূচি অনুযায়ী, সকালে পতাকা উত্তোলন, র্যালি, চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার পর সন্ধ্যা ৬টায় কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড নগরবাউল জেমস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড নগরবাউল জেমস। আগামী ২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচিতে কনসার্টসহ বিভিন্ন আয়োজনের সময় ও স্থান উল্লেখ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টায় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হবে। সকাল ৯টা ১৫ মিনিটে একই স্থানে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হবে। র্যালিটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক হয়ে আবার ক্যাম্পাসে ফিরবে। সকাল ১০টা ১৫ মিনিটে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা অনুষদের আয়োজনে চিত্রকর্ম ও শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে।
দিবসের দ্বিতীয় পর্বে বিকেল ৩টা থেকে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৩টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত সংগীত বিভাগের পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ৩টা ২০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত নাট্যকলা বিভাগের পরিবেশনায় থাকবে পুতুলনাট্য মঞ্চায়ন।
বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, ৪টা থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত আবৃত্তি সংসদ এবং ৪টা ১৫ মিনিট থেকে ৪টা ২৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জবি সংসদের পরিবেশনা থাকবে। বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ৪টা ৩৫ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রক্তধুনীর পরিবেশনা অনুষ্ঠিত হবে।
এরপর বিকেল ৪টা ৩৫ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের পরিবেশনা থাকবে। বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৫ মিনিট পর্যন্ত অব্যাহত থাকবে সাংস্কৃতিক আয়োজন। পরে ৫টা ৫ মিনিট থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত কোমল গান্ধার, ৫টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিছুছন্দ এবং সন্ধ্যা ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত স্বরূপের পরিবেশনা হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে কনসার্ট। এতে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড নগরবাউল জেমস। বিশ্ববিদ্যালয় দিবসের সাংস্কৃতিক আয়োজনের শেষ পর্বে জেমসের কনসার্টকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।