দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে কম্বল ও মদ জব্দ
সারাদেশ · 2026-10-26T11:38:49.000000Z · স্টাফ রিপোর্টার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কম্বল ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ২০টি কম্বলের আনুমানিক মূল্য এক লাখ টাকা এবং ১২ বোতল ভারতীয় মদের মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্তের ১১৪৮ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।
এর আগে একই দিন ১১৫০ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা কম্বল নেত্রকোনা কাস্টমস অফিসে এবং মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।