ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
অর্থনীতি · 2026-10-31T02:00:00.000000Z · ডেস্ক রিপোর্ট
দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। কমেছে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও।
টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছে। নতুন দরে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১২৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। নতুন সিদ্ধান্তে এক দিনের ব্যবধানে এ ক্যাটাগরির সোনার দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।
একই সময়ে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।