সিঙ্গেল হলেই বিনা খরচে ফিনল্যান্ড যাওয়ার সুযোগ, যেভাবে আবেদন
বিশ্ব · 2026-11-03T09:24:00.000000Z · ডেস্ক রিপোর্ট
অবিবাহিত নারী-পুরুষদের জন্য বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের বিশেষ আয়োজন করেছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জনকে আমন্ত্রণ জানানো হবে। নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, আবাসন, খাবার ও বিভিন্ন কার্যক্রমের খরচ বহন করবে আয়োজকেরা। আবেদন করা যাবে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
সিঙ্গেল বা অবিবাহিত হলে বিনা খরচে ঘুরে আসতে পারেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ সুযোগ দিচ্ছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত নারী-পুরুষকে নিয়ে ‘ফিনিশ ডিনার ডেট’ নামের বিশেষ আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, থাকা-খাওয়া ও বিভিন্ন কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে আয়োজকেরা।
মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন। এতে অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের খাবার, সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় অবিবাহিত নারী-পুরুষদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
আয়োজনের অন্যতম আকর্ষণ বিশেষ গ্রুপ ডিনার ডেট। রাজধানী হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের ট্যাম্পেরে শহরে এসব নৈশভোজের আয়োজন করা হবে। এতে বিদেশি অংশগ্রহণকারীদের সঙ্গে ফিনল্যান্ডের স্থানীয় সিঙ্গেলদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
অংশগ্রহণকারীদের জন্য ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারের বিশেষ মেনু তৈরি করবেন দেশটির খ্যাতনামা কয়েকজন শেফ। মেনুতে থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি এবং বন থেকে সংগ্রহ করা মাশরুম দিয়ে তৈরি খাবার।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ফিনল্যান্ডের খাবার দেশটির সুখী জীবনযাপনের প্রতিফলন। খাবারের মাধ্যমে প্রকৃতি, ঋতু এবং আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এ আয়োজনের মাধ্যমে ভ্রমণকারীদের ভিন্ন ধরনের অভিজ্ঞতার অংশ হওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।
কারা আবেদন করতে পারবেন?
বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত নারী-পুরুষ এ আয়োজনে অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই ফিনল্যান্ডের বাইরের দেশের বাসিন্দা হতে হবে। আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে; দলগত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট। নির্বাচিত ১৬ জনের নাম আগামী ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।
যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ কে দেবে?
এ আয়োজনে নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, আবাসন, খাবার এবং বিভিন্ন কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে ফিনল্যান্ডের পর্যটন বোর্ড। অংশগ্রহণকারীরা গ্রুপ ডিনার ডেটে স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ফিনল্যান্ডের বিশেষভাবে তৈরি খাবারের স্বাদ নিতে পারবেন।
যেভাবে আবেদন করবেন
আবেদনের জন্য প্রথমে ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে একটি প্রশ্নের—‘আপনি ডিনার ডেটে সঙ্গীকে কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
এরপর ভিডিওটি নিজের পাবলিক টিকটক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব অ্যাকাউন্টে প্রকাশ করতে হবে। ভিডিও পোস্টের সময় #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ভিজিট ফিনল্যান্ডের অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ আয়োজনের অনুপ্রেরণা এসেছে ফিনল্যান্ডের জনপ্রিয় ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’ ধারণা থেকে। দেশটির কয়েকটি সুপারশপে অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের বিশেষ শপিং বাস্কেট রাখা হয়েছে। এসব বাস্কেট ব্যবহার করে তাঁরা অন্যদের কাছে নতুন পরিচয় বা সম্পর্কে আগ্রহের বিষয়টি জানাতে পারেন।
ভিজিট ফিনল্যান্ডের মতে, দেশটির খাবারের ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। তথ্যসূত্র: ফোর্বস, ভিজিট ফিনল্যান্ড