চাঁপাইনবাবগঞ্জে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
সারাদেশ · 2026-11-01T10:54:00.000000Z · ডেস্ক রিপোর্ট
পাঁচ দিনব্যাপী দ্বিতীয় ব্যাচের কোর্স উদ্বোধন করলেন জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জে নতুন শিল্প উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র-কুটির শিল্পের বিকাশে পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’-এর দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ের উদ্যোগে বিসিক ভবনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা মোহা. আব্দুর রহিম।
সভাপতির বক্তব্যে মো. সাজিদুল ইসলাম বলেন, দেশে নতুন শিল্প উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে বিসিক কাজ করে যাচ্ছে। উদ্যোক্তা হওয়ার আগ্রহ থাকলেও অনেকের সঠিক দিকনির্দেশনা, ব্যবসায়িক পরিকল্পনা ও প্রয়োজনীয় জ্ঞানের অভাব রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা শুরু ও পরিচালনার বাস্তবভিত্তিক ধারণা পাবেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। চাকরির পেছনে না ছুটে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একটি সফল উদ্যোগ উদ্যোক্তাকে স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করে। বিসিকের এ ধরনের প্রশিক্ষণ নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ব্যবসা নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, শিল্প নিবন্ধন, বিসিকের সহায়তা ও ঋণ সুবিধা, অনলাইন মার্কেটিং এবং শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, স্থানীয় শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা রয়েছে।
উল্লেখ্য, ১ থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।