শ্রীমঙ্গলের সময়

নতুন বেতনের টাকা পেলেন সরকারি চাকরিজীবীরা

চাকরি-বাকরি · 2026-11-01T10:31:00.000000Z · ডেস্ক রিপোর্ট

দীর্ঘ ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন অধিকাংশ সরকারি চাকরিজীবী। রোববার (১ নভেম্বর) সকালে তাঁদের ব্যাংক হিসাবে অক্টোবরের নিয়মিত বেতনের পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বর্ধিত বেতনের বকেয়া জমা হয়েছে। তবে পে ফিক্সেশন শেষ না হওয়ায় প্রায় এক লাখ কর্মকর্তা-কর্মচারী এখনো নতুন বেতন পাননি।

দীর্ঘ ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। অক্টোবর মাসের নিয়মিত বেতনের পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বর্ধিত বেতনের বকেয়াও পেয়েছেন তাঁদের অধিকাংশ।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে সরকারি চাকরিজীবীদের ব্যাংক হিসাবে নতুন কাঠামোর বেতন জমা হতে শুরু করে। বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে তাঁদের মুঠোফোনে বেতন জমা হওয়ার বার্তা আসতে থাকে।

তবে যাঁদের বেতন নির্ধারণের প্রক্রিয়া বা পে ফিক্সেশন এখনো শেষ হয়নি, তাঁরা আপাতত নতুন বেতন পাননি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাঁদের হিসাবেও টাকা জমা হতে পারে। পিরোজপুরের কয়েকজন সরকারি চাকরিজীবী জানিয়েছেন, পে ফিক্সেশন সম্পন্ন করতে না পারায় তাঁরা নতুন কাঠামোর বেতন পাননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের মধ্যে অধিকাংশই নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন পেয়েছেন। তবে পে ফিক্সেশন শেষ না হওয়ায় প্রায় এক লাখ কর্মকর্তা-কর্মচারী এখনো বেতন পাননি।

গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম থেকে ১১তম গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ এবং ১২তম থেকে ২০তম গ্রেডের মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে একবারে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাচ্ছেন। এ অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হয়েছে।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৭৫ শতাংশ দেওয়া হবে। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক বেতন বৃদ্ধিসহ নতুন বেতন স্কেলের শতভাগ কার্যকর হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত