গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
সারাদেশ · 2026-11-01T10:47:39.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরখেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত ও সুস্থ জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হয়েছে জমজমাট আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬।আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "আমরা চাই, বিশ্ববিদ্যালয় সবসময় উৎসবমুখর থাকুক। আর খেলাধুলা হোক সেই উৎসবের অন্যতম মাধ্যম। তবে উৎসবের আনন্দ যেন কোনোভাবেই ম্লান না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে খেলোয়াড়সুলভ আচরণ করতে হবে এবং নিয়ম মেনে খেলতে হবে। কেননা সামনে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার প্রস্তুতি এই আয়োজনের মধ্য দিয়েই নিতে হবে।"তিনি আরও ঘোষণা দেন যে, খেলায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ প্রদানের ব্যবস্থা করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাজান এবং প্রক্টর ড. এস. এম. আহসানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গণিত বিভাগের সভাপতি ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল।ইতিহাস ও অর্থনীতি বিভাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ানো এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগীয় দল অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশ নিচ্ছে।