গাজীপুরে শ্রমিক আন্দোলনে গুলিতে মৃত্যুর খবরটি গুজব: জেলা পুলিশ
সারাদেশ · 2026-11-02T23:32:00.000000Z · সিনিয়র রিপোর্টার
গাজীপুরের গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক আহত বা নিহত হওয়ার খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব বলে জানিয়েছে জেলা পুলিশ।সম্প্রতি গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুর জেলার কালিয়াকৈরসহ (মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা) বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে আসছেন।চলমান এই আন্দোলনে সাধারণ শ্রমিকদের আড়ালে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যাতে সহিংসতা, ভাঙচুর এবং রাষ্ট্র ও জনগণের জানমালের ক্ষতি করতে না পারে—সে বিষয়ে পুলিশ অত্যন্ত সংযম, ধৈর্য ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করছে। পুলিশ আন্দোলনকারীদের সাথে কোনো প্রকার প্রত্যক্ষ সংঘাত এড়িয়ে আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কতিপয় ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে এবং সাধারণ শ্রমিকদের পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তুলতে গুলিতে শ্রমিক/ছাত্র নিহত বা আহত হওয়ার এই মনগড়া ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। বাস্তবে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের পক্ষ থেকে কোনো গুলি বর্ষণ করা হয়নি এবং গুলির ঘটনায় কেউ আহত বা নিহত হননি।তাই আন্দোলনরত শ্রমিক ও সাধারণ জনগণকে এ ধরনের যেকোনো প্ররোচনা ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবির প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে 'মজুরি বোর্ড' গঠন করেছে। এমতাবস্থায়, উসকানিতে প্ররোচিত হয়ে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও সহিংস কাজ থেকে বিরত থেকে সবাইকে নিজ নিজ কর্মস্থলে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ সকল নাগরিকের আইনানুগ ও নিয়মতান্ত্রিক কার্যক্রমে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।