শ্রীমঙ্গলের সময়

বিচ্ছেদের ছয় বছর পর বিয়ের সিদ্ধান্ত রিমির, পাত্র কে?

বিনোদন · 2026-11-03T08:05:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ভারতের জনপ্রিয় মালয়ালম প্লেব্যাক গায়িকা ও টেলিভিশন উপস্থাপক রিমি টমি দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সংসার ভাঙার ছয় বছরের বেশি সময় পর জীবনে নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন এই শিল্পী। শুরুতে হবু স্বামীর পরিচয় গোপন রাখলেও পরে তাঁর নাম ও পরিচয় প্রকাশ করেছেন রিমি। তাঁর হবু স্বামীর নাম লিবিন ম্যাথিউ। তিনি মুম্বাইয়ে বসবাসকারী একজন বডিবিল্ডার ও ফিটনেস প্রশিক্ষক। আগামী ১৪ নভেম্বর তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তের কথা জানান রিমি। সেখানে তিনি বলেন, পরিবার সব সময় তাঁর পাশে থাকলেও জীবনে একজন জীবনসঙ্গীর অভাব অনুভব করতেন। একা থাকতে ও ভ্রমণ করতে পছন্দ করলেও একটা সময় উপলব্ধি করেন, জীবনের পথচলায় এমন একজন মানুষ প্রয়োজন, যিনি তাঁকে বুঝবেন এবং মানসিক শান্তি দেবেন।

রিমি জানান, ২০২৬ সালে তাঁর জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটে। তবে শুরুতে হবু সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি। শুধু জানিয়েছিলেন, তিনি অভিনেতা, গায়ক, পরিচিত কোনো তারকা কিংবা কোটিপতি নন। অর্থ ও খ্যাতির চেয়ে মানুষের যত্ন, ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়াকে বেশি গুরুত্ব দিয়েছেন এই গায়িকা।

তাঁর ভাষ্য অনুযায়ী, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুজনের মানসিক মিল। এমন একজন মানুষ প্রয়োজন, যাঁর সঙ্গে নিজের ভালো-মন্দ সবকিছু ভাগ করে নেওয়া যায় এবং যাঁর সঙ্গে জীবন কাটালে মানসিক শান্তি পাওয়া সম্ভব। নতুন সম্পর্ক তাঁকে সেই স্বস্তি দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পরবর্তী ভিডিওতে হবু স্বামীর পরিচয় প্রকাশ করেন রিমি। জানান, তাঁর নাম লিবিন ম্যাথিউ। তিনি মালয়ালি বংশোদ্ভূত এবং মুম্বাইয়ে থাকেন। পেশায় বডিবিল্ডার ও ফিটনেস প্রশিক্ষক। রিমির ব্যক্তিগত ফিটনেস কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁদের পরিচয় ধীরে ধীরে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।

রিমি জানিয়েছেন, গত ১০ মার্চ তাঁদের প্রথম ফোনে কথা হয়। এরপর ১৪ মার্চ প্রথমবার সামনাসামনি দেখা করেন তাঁরা। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। আগামী ১৪ নভেম্বর মুম্বাইয়ের ডোম্বিভলিতে একটি গির্জায় ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।

এদিকে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাবেক স্বামীর ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্ট দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছেন রিমি। তিনি জানিয়েছেন, সাবেক স্বামী রয়েস কিঝাকুডানের সঙ্গে পারস্পরিক সম্মতিতেই তাঁদের বিচ্ছেদ হয়েছিল। তাই নতুন জীবনের খবরের সঙ্গে সাবেক স্বামীর ছবি জুড়ে না দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৭ এপ্রিল ব্যবসায়ী রয়েস কিঝাকুডানকে বিয়ে করেছিলেন রিমি। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ২০২০ সালের ১৬ এপ্রিল পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তাঁরা।

সংগীতের দল ‘অ্যাঞ্জেল ভয়েস’-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রিমি। ২০০২ সালে মালয়ালম সিনেমা ‘মিসা মাধবন’-এর ‘চিঙ্গামাসাম’ গানের মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে পরিচিতি পান তিনি। পরে সংগীতের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা ও বিচারক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ বিরতির পর নতুন করে সংসারজীবন শুরু করতে যাওয়ায় ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন এই শিল্পী।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত