শ্রীমঙ্গলের সময়

প্রাথমিকের বই বিতরণে পরিবহন খরচ কত বরাদ্দ দিল অধিদপ্তর

শিক্ষা · 2026-11-03T08:14:00.000000Z · ডেস্ক রিপোর্ট

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই বিদ্যালয়ে পৌঁছে দিতে ৫ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেট থেকে এ অর্থ মঞ্জুর করা হয়েছে।

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যালয় পর্যায়ে পৌঁছে দিতে পরিবহন খাতে ৫ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর) অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের এক অফিস আদেশে এ বরাদ্দের তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ কার্যক্রমের অধীনে বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ খাতের পরিবহন ব্যয় থেকে এ অর্থ ব্যয় করা হবে। এ খাতে মোট ১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্য থেকে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিদ্যালয় পর্যায়ে পরিবহনের জন্য ৫ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা মঞ্জুর করা হয়েছে।

বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে অধিদপ্তর। আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে আইবাস++-এর অথরাইজেশন ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ অর্থ ব্যয় করতে পারবেন।

এ ছাড়া বরাদ্দ করা অর্থ শুধু ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহনের কাজেই ব্যবহার করতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, কোনো ধরনের অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী থাকতে হবে। বরাদ্দ করা অর্থের কোনো অংশ অব্যয়িত থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত