শ্রীমঙ্গলের সময়

গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ ডাকাতি: মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২

সারাদেশ · 2026-10-28T18:55:00.000000Z · সিনিয়র রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানা কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।​প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড়ের ‘সুবাহান এন্টারপ্রাইজ’ নামের একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানের সাটার ভেঙে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ক্যাশ বাক্সের নগদ টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল একটি ট্রাকে করে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা (নম্বর: ১২, তারিখ: ১৪/১০/২০২৬) দায়ের করেন।​ঘটনার পর লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায়, গত ২৭ অক্টোবর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ থানার একটি চৌকস দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃতরা হলেন—রমজান (পিতা: আলতাব হোসেন) এবং মিলন মিয়া (পিতা: মৃত মুনসুর আলী, গ্রাম: রামচন্দ্রপুর, থানা: ঝালকাঠি সদর)।​অভিযানের সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২০-১১৫৮) ও একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬) জব্দ করা হয়। এ ছাড়া লুট হওয়া মালামাল থেকে প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।​বুধবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।​প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত