শ্রীমঙ্গলের সময়

চাকরির জন্য তরুণদের আকুতি, বেকারত্ব নিয়ে উদ্বেগ রাষ্ট্রপতির

চাকরি-বাকরি · 2026-11-01T09:03:00.000000Z · ডেস্ক রিপোর্ট

দেশের তরুণদের বড় অংশ বেকার এবং তাঁদের অনেকে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ধরনা দিচ্ছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি পরিচ্ছন্নতাকর্মীর পদেও স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণদের কাজ না পাওয়ার বিষয়টি তাঁকে কষ্ট দেয় বলে মন্তব্য করেছেন তিনি। বেকারত্ব কমাতে প্রশিক্ষণ, ঋণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।

দেশের তরুণদের বড় অংশ বেকার এবং তাঁদের অনেকে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষিত তরুণদের মধ্যে অনেকেই চাকরি পাচ্ছেন না। এমনকি পরিচ্ছন্নতাকর্মীর পদেও এমএ পাস তরুণদের কাজ না পাওয়ার বিষয়টি তাঁকে কষ্ট দেয়।

রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নিজের এলাকায় গেলে তিনি তরুণদের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। তখন দেখতে পান, তাঁদের বেশির ভাগই বেকার। অনেকেই চাকরির জন্য তাঁর কাছে আসেন। চাকরি চেয়ে আকুতি জানান। শিক্ষিত তরুণদের এমন পরিস্থিতি তাঁকে ব্যথিত করে বলেও উল্লেখ করেন তিনি।

বেকারত্বের সমস্যা সমাধানে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, অধিদপ্তরের প্রশিক্ষণ, ঋণ ও অন্যান্য কর্মসূচি যথাযথভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে বেকারত্ব কমানোর ক্ষেত্রে অগ্রগতি সম্ভব। এর মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাবে।

তরুণ উদ্যোক্তাদের সহায়তার বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া। পাশাপাশি তাঁদের এমন পরিমাণ প্রাথমিক মূলধন দিতে হবে, যাতে তাঁরা নিজের পায়ে দাঁড়াতে পারেন। ঋণ বিতরণের ক্ষেত্রে শুধু বড় বড় কোম্পানিকে গুরুত্ব না দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদেরও সহায়তা করা প্রয়োজন। এতে তাঁরা বেশি উপকৃত হবেন বলে তিনি মনে করেন।

দেশের বেকারত্ব কমাতে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা জাতীয় আয়ের অন্যতম উৎস। শিক্ষিত ও দক্ষ শ্রমিক বিদেশে পাঠানো গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং আয়ও বাড়বে। প্রধানমন্ত্রী ও সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন বলেও জানান তিনি।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে। পার্লামেন্টকেন্দ্রিক রাজনীতির মাধ্যমে দেশের সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত বলে মনে করেন তিনি। বিশেষ করে যুবসমাজকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

তরুণদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ কখনো হতাশ হয় না। তারা সব সময় লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে সামনে এগিয়ে যায়। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণেও এই মানসিকতা ধরে রাখতে হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত