শ্রীমঙ্গলের সময়

চুনারুঘাটে মাদক ও অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: দুই যুবকের কারাদণ্ড, ট্রাক্টর জব্দ

সিলেটের খবর · 2026-11-18T08:34:00.000000Z · প্রতিবেদক, চুনারুঘাট


​হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকায় মাদকবিরোধী ও অবৈধ বালু উত্তোলনবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ ধ্বংস এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়।

​দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন—পানছড়ি গ্রামের বাসিন্দা মোঃ শাকিল মিয়া (১৯), পিতা মানিক মিয়া এবং একই গ্রামের মোঃ পনির মিয়া (২১), পিতা আব্দুল মন্নাফ।


​উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই যুবক দীর্ঘদিন ধরে নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করলে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় শাকিল মিয়াকে ১ বছরের কারাদণ্ড এবং পনির মিয়াকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় উভয়কেই ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

​অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে পানছড়ি রিসোর্ট-সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সেখান থেকে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয় এবং বালু পরিবহন ও উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

​এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত