শ্রীমঙ্গলের সময়

বিশ্ববাজারে ক্যারিয়ার গড়ার সুযোগ, মাভাবিপ্রবিতে সিএমএ নিয়ে সেমিনার

শিক্ষা · 2026-10-26T15:55:00.000000Z · ডেস্ক রিপোর্ট

আন্তর্জাতিক শ্রমবাজারে পেশাগত ক্যারিয়ার গড়ার সুযোগ ও সিএমএ ডিগ্রির গুরুত্ব তুলে ধরতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সঙ্গে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়ায় আইসিএমএবির ২১টি কোর্সের মধ্যে ৬টিতে কোর্স ওয়েভার বা ছাড় পাওয়ার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক শ্রমবাজারে পেশাগত ক্যারিয়ার গড়ার সুযোগ ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব তুলে ধরতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর সম্মেলনকক্ষে হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘Professional CMA Qualification: An Exciting Success Route’ শীর্ষক এ সেমিনার ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের পেশাগত সংস্থা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ ও আইসিএমএবির মধ্যে পেশাগত শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। আধুনিক শিল্পপ্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণ, আর্থিক পরিকল্পনা এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সিএমএ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি জানান, আইসিএমএবির ২১টি কোর্সের মধ্যে মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমের সঙ্গে ছয়টি কোর্সের সরাসরি সামঞ্জস্য রয়েছে। ফলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীরা এসব কোর্সে ছাড় বা কোর্স ওয়েভার পাওয়ার সুযোগ পাবেন। এতে তাঁদের পেশাগত সিএমএ যোগ্যতা অর্জনের পথ সহজ হতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাঁদের বাস্তবমুখী দক্ষতাও অর্জন করতে হবে। আইসিএমএবির পেশাগত শিক্ষা ব্যয় বিশ্লেষণ, বাজেট ব্যবস্থাপনা এবং কৌশলগত আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করতে পারে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আইসিএমএবির সহসভাপতি এস এম জহির উদ্দিন হায়দার (এফসিএমএ)। তিনি দেশে ও বিদেশে সিএমএ পেশার চাহিদা ও সম্ভাবনা তুলে ধরেন। তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের কর্মক্ষেত্র ও ক্যারিয়ার সম্ভাবনার বিষয়টি উঠে আসে। তিনি শিক্ষার্থীদের পরিবর্তিত কর্মবাজারের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবির একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ (এফসিএমএ)। তিনি সিএমএ যোগ্যতা অর্জনের বিভিন্ন ধাপ, কোর্স ওয়েভারের সুযোগ এবং কর্মক্ষেত্রে এ পেশাগত যোগ্যতার ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক তন্ময় বিশ্বাস।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় ও পেশাগত সংস্থার এ সহযোগিতা শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে সংযোগ আরও জোরদার করবে। পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষরের এ উদ্যোগের মাধ্যমে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে পেশাগত যোগ্যতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত