চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটের খবর · 2026-10-29T16:21:05.000000Z · জেলা প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চুনারুঘাট পৌর যুবদল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
চুনারুঘাট পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান মাসুমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, সারাদেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার, বিদ্যালয়ের শিক্ষক এবং পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আয়োজকেরা।
তাঁরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিকল্পিতভাবে গাছ লাগানো ও সেগুলোর যথাযথ পরিচর্যা করা গেলে স্থানীয় পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
আয়োজকেরা আরও জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ব্যক্তি, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।