শ্রীমঙ্গলের সময়

বিক্রির আগে সব শেষ, ৮ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটে বড় ক্ষতি

জাতীয় · 2026-10-27T16:12:00.000000Z · ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শত শত মুরগি মারা গেছে। খামারিদের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে মুরগির শ্বাসকষ্ট দেখা দেয়। জাতীয় গ্রিডের সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিক্রির উপযোগী হয়ে উঠেছিল মুরগিগুলো। অল্প কিছুদিনের মধ্যেই বিক্রি করে লাভের মুখ দেখার কথা ছিল খামারিদের। কিন্তু টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শত শত মুরগি মারা গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার পোলট্রি খামারিরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার পর থেকে সন্ধ্যার কিছুক্ষণ আগে পর্যন্ত রূপগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় খামারগুলোতে মুরগি মারা যেতে শুরু করে। সন্ধ্যার আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও ততক্ষণে অনেক খামারের মুরগি মারা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম বিভাগে বিদ্যুৎ সেক্টরে ত্রুটি দেখা দেওয়ার পর আন্ডার-ফ্রিকোয়েন্সি তৈরি হয়। এতে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দিলে রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খামারিদের ভাষ্য, বিদ্যুৎ না থাকায় খামারের ভেতরে গরম ও বাতাস চলাচলের সমস্যায় মুরগির শ্বাসকষ্ট দেখা দেয়। পরে হিটস্ট্রোকে অনেক মুরগি মারা যায়।

ঋণ নিয়ে গড়া খামারে লোকসান: কর্ণগোপ এলাকার খামারি সজীব মোল্লা বলেন, বেকারত্ব ঘোচাতে এনজিও থেকে ঋণ নিয়ে আট শতাংশ জমিতে খামার গড়ে তুলেছিলেন। পরিবারের সদস্যরাও খামারে কাজ করেন। তাঁর খামারে ২২ দিন বয়সী আড়াই হাজার ব্রয়লার মুরগি ছিল। অল্প কিছুদিনের মধ্যেই সেগুলো বিক্রির উপযোগী হতো।

সজীব মোল্লা বলেন, সকাল ১০টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এ সময়ের মধ্যে বিক্রির উপযোগী শতাধিক মুরগি মারা গেছে।

আরেক খামারি রাজু হোসেন বলেন, কর্মসংস্থানের আশায় তিনি খামারটি গড়ে তুলেছেন। বাবা-মাকে নিয়ে প্রতিদিন খামারের দেখাশোনা করেন। এবার মুরগি বিক্রির সময় হলেও বিদ্যুৎ বিভ্রাটে তাঁর শতাধিক মুরগি মারা গেছে। এতে এই দফায় উৎপাদন খরচ তুলে আনা কঠিন হয়ে পড়বে।

খামারি আবু সায়েম বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর মুরগিকে স্বস্তি দিতে খামারে পানি স্প্রে করেছেন। এমনকি হাতপাখা দিয়েও বাতাস করার চেষ্টা করেছেন। তারপরও বেশ কিছু মুরগি মারা গেছে।

তিনি বলেন, গত দুই থেকে তিন বছরে পোলট্রি ফিড, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের দাম বেড়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও খামারিরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এর মধ্যে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট তাঁদের আরও ক্ষতির মুখে ফেলেছে।

জাতীয় গ্রিডের সমস্যার কথা জানাল বিদ্যুৎ বিভাগ: এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম আলাউদ্দিন বলেন, তাঁদের এলাকায় বিদ্যুতের নিজস্ব কোনো সমস্যা ছিল না। জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সন্ধ্যার আগে জাতীয় গ্রিডের সরবরাহ স্বাভাবিক হলে তাঁদের এলাকাতেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।

তিনি বলেন, সমস্যাটি জাতীয় গ্রিডে হওয়ায় স্থানীয়ভাবে তাঁদের তেমন কিছু করার ছিল না

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত