শ্রীমঙ্গলের সময়

সরকারি দরপত্র নিয়ে আগের নির্দেশনায় পরিবর্তন, নতুন সিদ্ধান্ত

জাতীয় · 2026-10-27T15:58:00.000000Z · ডেস্ক রিপোর্ট

সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের নির্দেশনা বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ। এখন থেকে প্রচলিত নিয়ম অনুসরণ করে এসব কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া নিয়ে আগের নির্দেশনায় পরিবর্তন এনেছে স্থানীয় সরকার বিভাগ। নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা বাতিল করা হয়েছে। এখন থেকে প্রচলিত নিয়মে এসব কার্যক্রম চালু রাখা যাবে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক স্মারকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর জারি করা স্মারকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে যথাযথ প্রচলিত নিয়ম অনুসরণ করে সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব দপ্তরে নির্দেশনা: স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি সিটি করপোরেশন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

স্মারকে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

নির্দেশনার প্রেক্ষাপট: পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রচলিত নিয়মে কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত