শ্রীমঙ্গলের সময়

বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা, ‘বট বাহিনী’ নিয়ে এমপির মন্তব্য

সারাদেশ · 2026-10-27T15:44:23.000000Z · জেলা প্রতিনিধি

বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে ‘বট বাহিনী’ লং মার্চ ও রোড মার্চ করছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে দ্রব্যমূল্য বৃদ্ধি, আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি।

বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে ‘বট বাহিনী’ লং মার্চ ও রোড মার্চ করছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা যুবদলের র‍্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, বট বাহিনী বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য লং মার্চ ও রোড মার্চ দিচ্ছে। আরে বেটা, ৬০০ গাড়ি নিয়ে লং মার্চ করে জনগণের ক্ষতি করছ। ৬০০ গাড়ি নিয়ে তেল পোড়ানো হচ্ছে, এটা তো জনগণের জন্য ক্ষতি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে। বহির্বিশ্বে যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে উদ্দেশ করে সংসদ সদস্য বলেন, যারা এ দেশে বিশৃঙ্খলা করতে চান, তারা সাবধান হয়ে যান। আমরা এখনো ধৈর্য ধারণ করছি। আপনারা কাকে ভয় দেখান? জনগণ অপেক্ষায় আছে, আপনারা দেশে আসেন, জনগণ আপনাদের বিচার করবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের পার্বত্য চট্টগ্রামে তৎপরতার অভিযোগ তুলে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সমতলে না পেরে এখন পার্বত্য চট্টগ্রামে নতুন খেলা শুরু করে দিয়েছে। লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। যারা সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে ঘুরছে, তাদের মদদদাতা কারা? আমরা কিন্তু বাংলাদেশের ২০ কোটি জনগণ আছি। প্রয়োজন হলে সেনাবাহিনী লাগবে না, আমরা গিয়ে পার্বত্য চট্টগ্রাম ঘেরাও দিয়ে উদ্ধার করব।

এর আগে বিকেলে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী থেকে জেলা যুবদলের র‍্যালি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল ইসলাম লিংকন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহীমসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত