শ্রীমঙ্গলের সময়

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

জাতীয় · 2026-10-27T12:44:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার, দেশ গঠনের প্রচেষ্টা এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদারে জাপানের সমর্থনের কথা তুলে ধরেছেন তিনি।

চার দিনের সফরে জাপানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ সাক্ষাতের বিস্তারিত তুলে ধরেন জাপানের প্রধানমন্ত্রী।

তারেক রহমানের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সানায়ে তাকাইচি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিষেকের জন্য সরাসরি অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত। গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে তারেক রহমানকে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত তারেক রহমানের সরকার এবং বাংলাদেশের জাতি গঠনের প্রচেষ্টাকে জাপান জোরালোভাবে সমর্থন করবে।

স্ট্যাটাসে সানায়ে তাকাইচি জানান, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মুক্ত ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি।

দুই দেশের সহযোগিতার অন্যতম ক্ষেত্র হিসেবে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জোন বা ‘বিগ-বি’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হওয়ার কথাও জানান জাপানের প্রধানমন্ত্রী। পাশাপাশি ‘শেয়ারিং সমৃদ্ধি বিগ-বি’ নামে নতুন কৌশলগত সহযোগিতামূলক উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

সানায়ে তাকাইচি আরও লেখেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শান্তিপূর্ণ দেশ হিসেবে এগিয়ে চলার যাত্রা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক স্বীকৃতির কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি জাপানের বিশেষ অবস্থান এবং দেশটির সরকার ও জনগণের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে পাওয়া ব্যাপক সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও কৌশলগত গুরুত্বের বিষয়টিও স্ট্যাটাসে তুলে ধরেন জাপানের প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশ জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় ১৭ কোটি মানুষের তরুণ বাজারেও রয়েছে ব্যাপক সম্ভাবনা।

তিনি জানান, দুই দেশের কৌশলগত অংশীদারত্বের আওতায় প্রকাশিত নেতৃবৃন্দের যৌথ বিবৃতি সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে শক্তি ও সমৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত