আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ
সারাদেশ · 2026-10-27T17:18:02.000000Z · জেলা প্রতিনিধি
নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামে শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধানে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা ওই দুই শিশুকে সুজন নামে এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরে তিনি শিশু দুটিকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান বলে জানা গেছে।
স্টেশনে শিশু দুটির কান্নাকাটি ও এদিক-সেদিক ঘোরাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা শিশু দুটির কাছে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের উদ্ধারে এগিয়ে আসেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে আত্রাই থানায় নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া শিশু দুটি তাদের মায়ের নাম মোছা. বিলকিস বেগম এবং গ্রামের নাম বলতে পেরেছে। তবে নিজেদের পরিবারের পূর্ণ ঠিকানা ও স্বজনদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত তথ্য জানাতে পারেনি তারা। এ কারণে তাদের পরিবারের সন্ধান পেতে পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের খুঁজে বের করতে পুলিশ যোগাযোগসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ওসি আরও জানান, শিশু দুটির পরিবার বা স্বজনদের পরিচয় জানা থাকলে কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে আত্রাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
শিশু দুটির পরিবারের সন্ধান পাওয়ার পর তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।