শ্রীমঙ্গলের সময়

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১৫, প্রাণ গেছে তিন শিশুরও

বিশ্ব · 2026-11-02T17:09:00.000000Z · ডেস্ক রিপোর্ট

মিয়ানমারে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন শিশু রয়েছে। রাখাইন রাজ্যের চার শহরে আবাসিক এলাকা ও একটি মাতৃসদন হাসপাতালে হামলায় ১২ জন এবং কারেন্নি রাজ্যের একটি স্কুলে হামলায় তিন শিশু নিহত হয়েছে। এসব ঘটনায় আরও আটজন আহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইরাবতীর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত রোববার রাখাইন রাজ্যের কিয়াকতাও, ম্রাউক-ইউ, পাউকতাও ও কিয়াকফিউ শহরের জনবসতি এবং একটি মাতৃসদন হাসপাতালে বিমান হামলা চালায় দেশটির সামরিক বাহিনী। এতে ১২ জন নিহত হন।

অন্যদিকে, শনিবার কারেন্নি রাজ্যের পূর্ব লোইকাও শহরের একটি স্কুলে বিমান হামলা চালানো হয়। ছুটির দিনে পুষ্টি কর্মসূচিতে অংশ নিতে শিশুরা সেখানে জড়ো হয়েছিল। হামলায় তিন শিশু নিহত এবং আটজন আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে সংঘাত ও গৃহযুদ্ধ তীব্র হয়েছে। সামরিক জান্তার বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও প্রতিরোধ বাহিনীগুলো লড়াই চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীও সেনাবাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার শিকার হয়েছে। সহিংসতা ও নিপীড়নের কারণে বহু রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, দ্য ইরাবতী।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত