বসুন্ধরায় স্বল্প দূরত্বের যাতায়াতে চালু পরিবেশবান্ধব স্মার্ট বাহন
প্রযুক্তি · 2026-11-02T17:24:00.000000Z · ডেস্ক রিপোর্ট
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্বল্প দূরত্বে যাতায়াত সহজ করতে চালু হয়েছে পরিবেশবান্ধব স্মার্ট পরিবহন ‘বাহন’। এক ব্লক থেকে অন্য ব্লকে যেতে ব্যক্তিগত গাড়ি কিংবা রিকশার ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি সময় ও খরচ সাশ্রয়ে ভূমিকা রাখছে এই পরিবহনব্যবস্থা। এর ফলে আবাসিক এলাকার অভ্যন্তরীণ সড়কে যানবাহনের চাপ ও যানজট কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বাহন শুধু একটি পরিবহন নয়, এটি প্রযুক্তিনির্ভর একটি সেবাব্যবস্থা। পেশাদার রাইড-হেইলিং অ্যাপের মাধ্যমে বাসিন্দারা প্রয়োজন অনুযায়ী সহজেই বাহন ডাকতে পারছেন। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টা এ সেবা চালু থাকে। একবার চার্জে প্রতিটি বাহন প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা চলতে পারে।
এই পরিবহনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বিদ্যুৎচালিত প্রযুক্তি। এতে প্রচলিত জ্বালানির প্রয়োজন হয় না এবং চলাচলের সময় সরাসরি কার্বন নিঃসরণও হয় না। ইঞ্জিনের শব্দ না থাকায় আবাসিক এলাকার শান্ত পরিবেশ বজায় রাখতেও সহায়ক হতে পারে বাহন।
পরিবেশবান্ধব উদ্যোগকে আরও কার্যকর করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার যুক্ত করা হয়েছে। এ জন্য স্থাপন করা হয়েছে ১০০ ওয়াট ক্ষমতার ৫৬টি সোলার প্যানেল। সৌরবিদ্যুতের এই ব্যবস্থা পরিবহনটির জ্বালানি ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখছে।
বয়স্ক, অসুস্থ ব্যক্তি, নারী ও শিশুদের সুবিধার কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে বাহন। এতে সহজে ওঠানামার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য রাখা হয়েছে আরামদায়ক আসন এবং রোদ-বৃষ্টি থেকে সুরক্ষার ব্যবস্থা।
আধুনিক নগরপরিকল্পনায় আবাসনের পাশাপাশি সহজ যোগাযোগ, পরিবেশ সুরক্ষা ও নাগরিক স্বাচ্ছন্দ্য গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় বসুন্ধরা আবাসিক এলাকায় স্মার্ট পরিবহন ‘বাহন’ যুক্ত হওয়াকে স্থানীয় যাতায়াতব্যবস্থায় একটি নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তি, বিদ্যুৎচালিত যান ও সৌরবিদ্যুতের সমন্বয়ে এ ধরনের পরিবহনব্যবস্থা আবাসিক এলাকার স্বল্প দূরত্বের যাতায়াতে বিকল্প হতে পারে।