শ্রীমঙ্গলের সময়

চীনা ভাষা থেকে এআই, শিক্ষায় যে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাতীয় · 2026-10-27T12:39:00.000000Z · ডেস্ক রিপোর্ট

চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। চীনা ভাষা প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক ও বিশ্ববিদ্যালয়টির সভাপতি অধ্যাপক মা ওয়েনহুই।

চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে বহুমুখী সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ। চীনা ভাষা শিক্ষা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কারিগরি দক্ষতা ও যৌথ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

চীনের কুনমিংয়ে অবস্থিত ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়টির পাশাপাশি এর অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। সেখানে চীনের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পরিচালন কাঠামো সম্পর্কে ধারণা নেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনকালে ইউনান বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মা ওয়েনহুই সিনিয়র সচিব আবদুল খালেককে স্বাগত জানান। এ সময় দুই দেশের শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়টির আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

অধ্যাপক মা ওয়েনহুই জানান, বর্তমানে ইউনান বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বাংলাদেশে চীনা ভাষার শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ এবং চীনা ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বিত পাঠ্যক্রম চালুর ব্যাপারেও বিশ্ববিদ্যালয়টি প্রস্তুত রয়েছে।

শিক্ষা সহযোগিতার পাশাপাশি চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন অধ্যাপক মা ওয়েনহুই। এ লক্ষ্যে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণকে ভবিষ্যৎ অংশীদারত্বের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়।

ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ একাডেমিক সম্পর্কের প্রশংসা করে আবদুল খালেক বলেন, বাংলাদেশ মানসম্মত কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষার সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে ইউনান বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান।

সিনিয়র সচিব বলেন, বাংলাদেশ প্রাতিষ্ঠানিক বিনিময়, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং যৌথ প্রশিক্ষণ উদ্যোগ আরও জোরদার করতে আগ্রহী। প্রস্তাবিত সহযোগিতা কাঠামোর আওতায় বিশেষ করে যৌথ গবেষণা ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রমে বাস্তব ও ফলপ্রসূ অগ্রগতি প্রত্যাশা করছে বাংলাদেশ। এসব উদ্যোগ দুই দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকদের উপকৃত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউনান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে আবদুল খালেক বলেন, এ পরিদর্শনের মাধ্যমে চীনের বিদ্যালয় ব্যবস্থাপনা ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে মূল্যবান ধারণা পেয়েছেন তিনি। এ থেকে প্রাপ্ত উপযোগী অভিজ্ঞতাগুলো বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আলোচনার বিস্তারিত তুলে ধরে বলা হয়েছে, দুই দেশের মধ্যে শিক্ষা, গবেষণা, কারিগরি দক্ষতা ও প্রাতিষ্ঠানিক বিনিময়ের সুযোগ সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত