শ্রীমঙ্গলের সময়

কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে দুই কর্মীকে বিএমডব্লিউ উপহার চীনা রেস্তোরাঁমালিকের

বিশ্ব · 2026-10-27T11:08:00.000000Z · ডেস্ক রিপোর্ট

কর্মীরা যেন শীত, বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ায় বৈদ্যুতিক স্কুটারে চড়ে কষ্ট করে কাজে না যান—এই ভাবনা থেকে নিজের প্রতিষ্ঠানের দুই কর্মীকে নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন চীনের এক রেস্তোরাঁমালিক। ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন মা ইয়ানলি নামের ওই নারী উদ্যোক্তা।

মা ইয়ানলি চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের জিয়াওজুও শহরে গরুর মাংসের হটপট রেস্তোরাঁর একটি চেইন পরিচালনা করেন। তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের অনেকে বৈদ্যুতিক স্কুটারে চড়ে কাজে যাতায়াত করেন। প্রতিকূল আবহাওয়ায় তাঁদের এই যাতায়াতের কষ্ট দেখে কর্মীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত নেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গাড়িগুলোর প্রতিটির দাম প্রায় ৩ লাখ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৫৫ লাখ টাকার সমপরিমাণ।

বৈঠকের কথা বলে শোরুমে নিয়ে যান কর্মীদের

গত ২৪ সেপ্টেম্বর কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে বিএমডব্লিউর একটি শোরুমে যান মা ইয়ানলি। কর্মীদের বলা হয়েছিল, সেখানে একটি বৈঠক হবে। কিন্তু শোরুমে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, তাঁদের জন্য অপেক্ষা করছে নতুন গাড়ি।

প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের গাড়ি উপহার দেওয়ার প্রায় দুই সপ্তাহ আগেই সেগুলো কিনে পুরো মূল্য পরিশোধ করেছিলেন মা ইয়ানলি। উপহার পাওয়া কর্মীদের একজন লি জিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, আগে কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবতেও সাহস করেননি তিনি। শোরুমে যাওয়ার পথে মা ইয়ানলি তাঁকে একটি বড় খেলনা উপহার দেওয়ার কথা বলেছিলেন বলেও জানান তিনি।

কর্মীর লাল হয়ে যাওয়া মুখ দেখে সিদ্ধান্ত

কর্মীদের গাড়ি উপহার দেওয়ার পেছনে একটি বিশেষ ঘটনা কাজ করেছে বলে জানিয়েছেন মা ইয়ানলি। একদিন ঠান্ডা ও বাতাসের মধ্যে বৈদ্যুতিক স্কুটারে চড়ে কাজে আসার পর এক কর্মীর মুখ লাল হয়ে যেতে দেখেন তিনি। ঘটনাটি তাঁকে ভাবিয়ে তোলে।

মা ইয়ানলি উপলব্ধি করেন, তিনি নিজে গাড়িতে আরামে যাতায়াত করতে পারলেও তাঁর কর্মীদের প্রতিকূল আবহাওয়ার মধ্যে পথ পাড়ি দিতে হচ্ছে। নিজের জন্য যে স্বাচ্ছন্দ্য তিনি উপভোগ করেন, কর্মীরাও তা পাওয়ার যোগ্য—এমন ভাবনা থেকেই গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রতিষ্ঠানের সাফল্যে কর্মীদের অবদান

মা ইয়ানলির মতে, ব্যবসার সাফল্য কেবল মালিকের একার প্রচেষ্টায় আসে না; এর পেছনে কর্মীদের সম্মিলিত পরিশ্রম থাকে। তাই প্রতিষ্ঠান ভালো করলে কর্মীদেরও সেই সাফল্যের সুফল পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

কর্মীদের গাড়ি উপহার দেওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই কর্মীদের ব্যক্তিগত প্রয়োজন ও যাতায়াতের কষ্ট বিবেচনায় নেওয়ার জন্য তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সাফল্যে কর্মীদের অবদানের স্বীকৃতি কীভাবে দেওয়া যায়, তা নিয়েও নতুন করে আলোচনা হচ্ছে।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট,

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত