নান্দাইলে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি, ৯০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সারাদেশ · 2026-10-27T11:30:45.000000Z · ফরিদ মিয়া
ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, পায়জামা-পাঞ্জাবি ও অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও সংগঠনের সিনিয়র উপদেষ্টা এনামুল হক বাবুল, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মো. এনামুল হক, চারিআনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, শেখ এনামুল হক রনি, প্রভাষক ও সাংবাদিক এটিএম হুমায়ুন কাদির কামাল, প্রভাষক এনায়েত করিম ভূঞা, সাংবাদিক বিল্লাল হোসেন ও এ হান্নান আল আজাদসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ শামছুল হক আকন্দ ভিডিও কলে যুক্ত হয়ে বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চান তিনি। শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও পবিত্র কোরআন শরিফ বিতরণের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিনিয়র উপদেষ্টা এনামুল হক বাবুল বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি সংগঠনটির সঙ্গে রয়েছেন। নান্দাইলে শিক্ষাক্ষেত্রে ফাউন্ডেশনটির মানবিক অবদান প্রশংসনীয়। মানবিক রিপনের উদ্যোগকে এগিয়ে নিতে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
রবিউল আলম ফরাজী বলেন, মানবিক রিপন দীর্ঘদিন ধরে অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছেন। তাঁর এ মহৎ উদ্যোগকে উৎসাহিত করতে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ফাউন্ডেশনটির এ কার্যক্রম।