শ্রীমঙ্গলের সময়

জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে না শাহরুখের?

বিনোদন · 2026-10-28T17:26:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন ঘিরে এবার ভক্তদের জন্য অপেক্ষা করছে হতাশার খবর। আগামী ২ নভেম্বর ৬১ বছরে পা দেবেন এই অভিনেতা। তবে নিজের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কারণে জন্মদিনে মুম্বাইয়ে না-ও থাকতে পারেন তিনি। ফলে এবারও ভক্তদের সঙ্গে তাঁর নিয়মিত জন্মদিনের সাক্ষাৎ অনুষ্ঠান হচ্ছে না বলে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মদিনে শাহরুখের লন্ডনে থাকার কথা রয়েছে। সেখানে ‘কিং’ সিনেমার একটি গানের শুটিং হওয়ার কথা। এ কারণে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে তাঁর বার্ষিক সাক্ষাৎ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতি বছর ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে মুম্বাইয়ে তাঁর বাসভবন মান্নাতের সামনে ভক্তদের ভিড় জমে। প্রিয় তারকার এক ঝলক দেখতে দেশ-বিদেশ থেকে অনেকে সেখানে হাজির হন। তবে গত দুই বছর মান্নাতের বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেননি শাহরুখ। এর পরিবর্তে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে সীমিত পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করা হয়েছিল।

ওই আয়োজনে ভক্তরা শাহরুখের সঙ্গে সরাসরি কথা বলার, প্রশ্ন করার এবং কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন। তবে সেখানে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি ছিল না। মান্নাতে সংস্কারকাজ চলার কারণে শাহরুখ সাময়িকভাবে অন্যত্র থাকছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। সম্প্রতি মুম্বাইয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমাটির একটি গানের শুটিং করেছেন তিনি। এবার লন্ডনে আরেকটি নাচের দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

তবে জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা না হলেও তাঁদের জন্য বিকল্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সিনেমাটি মুক্তির আগে শাহরুখের সঙ্গে ভক্তদের সাক্ষাতের একটি অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। এতে বছরের শেষ দিকে প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন ভক্তরা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুরসহ আরও অনেকে। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত